দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ‘ভাইস চ্যানসেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ থেকে চারজন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপাচার্য ড. মো. রইছ উদ্দীন। তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা চেক প্রদান করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর, বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাছিনা আক্তার। নিজ নিজ ক্ষেত্রে গবেষণায় অবদানের জন্য তারা এ স্বীকৃতি পেয়েছেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অ্যাওয়ার্ড চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে শিক্ষকদের গবেষণায় আগ্রহ বাড়বে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়নে গবেষণার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে একটি ‘র্যাংকিং ডেভেলপমেন্ট কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জবি ট্রেজারার ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াবে এবং অ্যাকাডেমিক পরিবেশকে আরও গতিশীল করবে।
গবেষণা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল জানান, সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা হবে।
অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, ‘বেস্ট আর্টিকেল অ্যাওয়ার্ড’সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পুরস্কার চালুর আহ্বান জানান। তারা বলেন, উন্নত বিশ্বের মতো এ ধরনের উদ্যোগ গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালকসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জে আই