দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপস ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করতে গিয়ে আটক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এক পরীক্ষার্থী। জানা গেছে, ওই শিক্ষার্থী এর আগের ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষাতেও এমন জালিয়াতে করে ২৪২তম স্থান অর্জন করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। জালিয়াতির দায়ে ওই শিক্ষার্থীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, আটক শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল্লাহ হাসান। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের বাসিন্দা। মাহমুদুল্লাহ পরীক্ষার হলে গোপনে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। পরীক্ষা চলাকালে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করে ওএমআর শিট পূরণ করছিলেন।
বিষয়টি দায়িত্বরত কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি দ্রুত প্রক্টরিয়াল বডিকে অবহিত করেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক ওই শিক্ষার্থী গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষাতেও এমন জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি জানান, সেদিন রসায়ন বিভাগের ৪০১ নম্বর কক্ষে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর বের করে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর প্রকাশিত ফলে দেখা যায়, ‘ডি’ ইউনিটের সেই পরীক্ষায় মেধাতালিকায় ২৪২তম স্থান অর্জন করেছেন।
দুপুর দেড়টার দিকে প্রক্টর অফিসে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মো. মাহমুদুল্লাহ হাসানকে ৭ দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে তার ‘ডি’ ও ‘এ’ ইউনিটের উত্তরপত্রসহ রোল নম্বর বাতিলের সুপারিশ করা হয়েছে। ভবিষ্যতে জাবি ভর্তি পরীক্ষায় তার অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ঘটনার বিচার করেছেন। সেই শিক্ষার্থীর ‘ডি’ ও ‘এ’ ইউনিটের উত্তরপত্র বাতিল করা হবে এবং তাকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘প্রক্টর অফিস থেকে আমাদের অবগত করা হয়েছে। সেখান থেকে অভিযুক্ত শিক্ষার্থীর রোল নাম্বার পাঠালে তার ফলাফল বাতিল করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এবি/