দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ায় ওই সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, ফলে স্বাভাবিক সময়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। এ কারণে দুই থেকে তিন মাস পিছিয়ে আগামী বছরের এপ্রিলের শেষ ভাগ অথবা মে মাসের শুরুতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো।
রোববার (২১ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতেই শুরু হয়। তবে নির্বাচনের কারণে সারাদেশের বহু বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় সে সময় পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, বোর্ড সভার মাধ্যমে পরীক্ষার চূড়ান্ত রুটিন ও তারিখ নির্ধারণ করা হবে। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার রুটিনসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কারণে এসএসসি পরীক্ষার সময়সূচিতে একাধিকবার পরিবর্তন এসেছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর থেকে। ২০২২ সালে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর, ২০২৩ সালে ৩০ এপ্রিল এবং সর্বশেষ ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়।
জে আই