দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি সেপ্টেম্বর মাস থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার পাওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখনো টেন্ডার কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। ফলে ৮ বিভাগের ১৫০ উপজেলার ৩১ লাখেরও বেশি শিশু শিক্ষার্থীকে আরও অপেক্ষা করতে হচ্ছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া চলমান। এটি শেষ হলেই দ্রুতই কার্যক্রম চালু করা হবে।
প্রকল্পের আওতায় প্রতিদিনের খাদ্যতালিকায় থাকবে বনরুটি, সিদ্ধ ডিম, দুধ, ফরটিফাইড বিস্কুট ও মৌসুমি ফল। সপ্তাহে পাঁচ দিন এই খাবার পরিবেশন করা হবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, ক্ষুধা দূর করে পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং ঝরে পড়ার হার কমানো।
৫ হাজার ৪৫২ কোটি টাকার বেশি ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পে শুধু ২০২৫-২৬ অর্থবছরেই বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ১৬৪ কোটি টাকা। এর ৯৭ শতাংশ ব্যয় যাবে খাবার সরবরাহে।
প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব হারুন অর রশীদ বলেন, “প্রকল্পের অনেক কাজ বাকি ছিল। দায়িত্ব নেওয়ার পর দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করছি, খুব শিগগিরই চালু হবে।”
প্রসঙ্গত, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্প চলবে। প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগের ৬২ জেলার ১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর সুবিধা পাবে। সফল হলে সারা দেশে ‘মিড ডে মিল’ চালু হবে।
এফএইচ/