দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয়। অথচ আজ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হলে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এর আগে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে যমুনা অভিমুখে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের পর লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে সাংবাদিকসহ অনেক শিক্ষার্থী আহত হন।
ভিসি বলেন, “আমাদের শিক্ষার্থীরা টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটে আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বুয়েট থেকে করা হয়েছে। অনেকেই এখনো ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।তিনি জানান,
শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা বিবেচনায় তিনি এবং প্রো-ভাইস চ্যান্সেলর শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। এর পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হলেও শিক্ষার্থীরা ‘কমিটি মানি না’ স্লোগান দিয়ে তা প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, গঠিত কমিটিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে বক্তব্য দিতে হবে।
এদিকে, সংকট সমাধানে সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা নতুন করে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকাল ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে।
জে আই/আরএ