দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১১ই মে) রাতে ক্যাম্পাসে গ্রান্ডফ্লোর থেকে শুরু হওয়া মশাল মিছিলটি ৩ নাম্বার গেট হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘বারে বারে মামলা, এবার গদি সামলা’, ‘ক্যাম্পাস আমার গোল্লায় যায়, ভিসি কেন ঢাকায় রয়’, ‘মামলাবাজ ভিসির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সাত মাস চলে গেল, উন্নয়নের কি হলো’, ‘স্বৈরাচার ভিসি আর না আর না’, ‘এক দুই তিন চার, এই মুহূর্তে গদি ছাড়’ স্লোগান দিতে থাকে।
আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শূচিতা শরমিনের কাছে আর নিরাপদ নয়। শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে। আমরা আজকের এই প্রতিবাদী মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার যদি ন্যূনতম লজ্জা শরম থেকে থাকে তাহলে অবিলম্বে পদত্যাগ করুন। শিক্ষার্থীরা আপনাকে আর চায় না।
আরেক আন্দোলনকারী সুজয় শুভ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি। উপাচার্য যদি অতিসত্বর পদত্যাগ না করেন, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে উপাচার্য শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি, কিন্তু রাষ্ট্র এদিকে কোনো নজর দিচ্ছে না। সোমবার আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মহাসমাবেশ রয়েছে। এরপর আমরা অনশনসহ দক্ষিণবঙ্গ অচল করার মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরিমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি।
আরএ