দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ শীর্ষ নেতাদের প্রবেশ করানোর দায়ে বুয়েট এক শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। তার নাম ইমতিয়াজ হোসেন রাহিম, তিনি বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য।
গতকাল শুক্রবার (২৯ মার্চ) রাতে বুয়েটের রেজিস্ট্রার (অ. দা) অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৮ মার্চ মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের হলের সিট বাতিল করা হলো। সার্বিক বিষয়ে তদন্তপূর্বক সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হবে।
তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সর্বশেষ সিদ্ধান্ত হলো, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর টার্ম/সেমিস্টার ফাইনালসহ সব একাডেমিক কার্যক্রম চলমান থাকবে।
এর আগে, মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে নতুন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির শুরুর আশঙ্কা করা হচ্ছে। এর প্রতিবাদে, গতকাল শুক্রবার (৩০ মার্চ) দুপুর থেকে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্রলীগ নেতাদের ক্যাম্পাসে প্রবেশ করানোর দায়ে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিমকে স্থায়ী বহিষ্কারসহ ৬ দফা দাবি জানান। প্রায় ছয় ঘণ্টা বিক্ষোভ শেষে রাত ৮টায় তাদের দাবিতে কিছুটা পরিবর্তন এনে নতুন কর্মসূচি ঘোষণা করে এদিনের মতো আন্দোলন শেষ করেন শিক্ষার্থীরা।
তাদের নতুন দুই দাবি হলো- দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের অতি দ্রুত পদত্যাগ এবং তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন।
এদিকে আজ শনিবার (৩০ মার্চ) সকালে বুয়েটের সব প্রবেশদ্বারে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
ডিপি/