দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শনিবার (২ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খসে পড়ে দেয়ালের পলেস্তারা, কয়েকটি দরজা ও জানালার কাচও ভেঙে যায়। এসময় আতঙ্কে তাড়াহুড়া করে কক্ষ থেকে বের হতে গিয়ে এবং উপর থেকে লাফ দিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা যায়, ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মিনহাজ।
তিনি হলের ২৩৩ নম্বর কক্ষ থাকতেন। চিকিৎসার জন্য মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব জানান, ভূমিকম্পের আতঙ্কে তিনি লাফ দিয়েছেন। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তার পায়ে প্লাস্টার করা হয়েছে ৷ কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে সার্জারি করা লাগতে পারে।
অন্যদিকে তাড়াহুড়া করে শিক্ষার্থীরা কক্ষ থেকে বেরোতে গিয়ে দরজা ভেঙে গেছে। ভাঙা কাচে কয়েকজন ছাত্র হালকা জখম এবং বিভিন্ন কক্ষ থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, আহত শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বেশ কিছু শিক্ষার্থী ছোটখাটো আঘাত পেয়েছেন, তারাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
অন্যদিকে ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে এবং ছাদের পলেস্তারা খসে পড়েছে বলে জানা গেছে। এতে আতঙ্কিত হয়ে অনেক আবাসিক শিক্ষার্থী লাফিয়ে পড়েন বলে জানা গেছে।
ডিপি/