দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে পরীক্ষা দিয়েছেন খাদিজাতুল কুবরা। পরীক্ষা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার (২০ নভেম্বর) দুপুরে জবির পরীক্ষা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খাদিজা।
এসময় খাদিজা জানান, বাইরের পরিবেশের কোনো অনুভূতি পাচ্ছেন না তিনি। কারাগারেই আছেন বলে মনে হচ্ছে তার। মানসিকভাবে এখনও বিপর্যস্ত আছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, মনে হচ্ছে আমি এখনও কারাগারেই আছি। বাইরের পরিবেশের কোনো অনুভূতি বুঝতে পারছি না। কারাগারের দিনগুলোর কথা আমি কখনও ভুলবো না। কিন্তু এখনই আমি কিছু বলতে চাই না।
এসময় তার মা ফাতেমা বেগম জানান, দীর্ঘদিন পর মেয়েকে কাছে পেয়ে ভালো লাগছে। আমি খুব খুশি। আমার মেয়ে আমার কাছে আছে এটাই শান্তি।
এর আগে সোমবার সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান খাদিজা। এরপরই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। বেলা ১১টা ৭ মিনিটে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। এরপর পরীক্ষায় অংশ নেন।
উল্লেখ্য, অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।
আরএ