দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধেও ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলবে। তবে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৩০ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান এ তথ্য জানান।
তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা শেষ করতে এমনিতেই অনেক সময় লেগেছে। এ অবস্থায় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলে ফল প্রকাশের কাজ পিছিয়ে যাবে। তাই অবরোধ চললেও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
অবরোধে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে পরে তার পরীক্ষা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হবে। এক্ষেত্রে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে বলে জানান এনামুল কাদের খান।
গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।
২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার প্রার্থী।
চলতি বছরের ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন মোট ১ লাখ চার হাজারের বেশি প্রার্থী। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এফএইচ