দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় ও সম্ভাব্য প্রক্রিয়া নির্ধারণে আগামী রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সভায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।
সভাটির আলোচ্যসূচিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়টি রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে কী প্রক্রিয়ায় জাতীয়করণ করা সম্ভব এবং এ ক্ষেত্রে কী ধরনের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন, তা নিয়ে আলোচনা হবে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। সভায় যোগ দিতে ইতোমধ্যে ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে এ প্রক্রিয়ায় ঠিক কতটি বিদ্যালয় অন্তর্ভুক্ত হতে পারে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের জন্য কী কী যোগ্যতা ও শর্ত নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এ ছাড়া রোববারের সভায় জাতীয়করণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কি না, নাকি প্রাথমিক আলোচনার পর প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই ও সম্ভাব্যতা মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে, সেটিও স্পষ্ট নয়। তবে এসব বিষয়ে সভার আলোচনা থেকে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
এমজে