দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে এ পরীক্ষায় উত্তীর্ণদের চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন। একই সঙ্গে তাঁদের অভিভাবকেরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার অংশ।
তাঁরা বলেন, কোনো নিয়মবহির্ভূত সুবিধা নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক ও শিক্ষাবান্ধব সমাধান চান তাঁরা। একটি পরীক্ষার ফলাফলের কারণে যেন কারও শিক্ষাজীবনের ধারাবাহিকতা অযথা ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
শিক্ষার্থীদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিলে তাঁদের এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব। অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাঁদের প্রথম দাবি, এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে।
দ্বিতীয়ত, পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি ও অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে দ্রুত সুস্পষ্ট নির্দেশনা প্রকাশ করতে হবে। তৃতীয়ত, পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে হবে এবং পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
চতুর্থ দাবিতে তাঁরা বলেন, বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া কোনো অনিবার্য কারণে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
এমএম/