দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বাকি ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন আগামী সোমবার জারি করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা জানালেও প্রকৃত সংখ্যা ছিল ৬৬৫ জন। তাদের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে।
এর মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। বাকি ৪৬ জনেরও প্রজ্ঞাপন জারি হবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রজ্ঞাপন জারির আগে নির্ধারিত কিছু নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এ জন্য ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়। তাই এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক পরিচয়ের কারণে কারও নিয়োগ আটকে দেওয়া হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা ও বিভিন্ন বক্তব্যের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি। রাজনৈতিক পরিচয় যেটাই হোক, কোনো পরীক্ষা বা নিয়োগের ক্ষেত্রে সে কারণে কারও প্রতি বৈষম্য সৃষ্টি করা হবে না।’
নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটি নিয়মিত ও বাধ্যতামূলক প্রক্রিয়া উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ বা আদালতে দণ্ডের বিষয় থাকলে বিধি অনুযায়ী তা যাচাই করা হয়। তবে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ৪৯তম বিসিএসের নিয়োগ নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তাদের কেউ কেউ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি তুলেছেন। তবে ভেরিফিকেশন সব সরকারের সময়ই বিধি অনুযায়ী হয়ে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যে ভেরিফিকেশনের কারণে কারও নিয়োগ হচ্ছে না বলে ধারণা করতে হবে। কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগের কারণে নিয়োগ না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করার সুযোগ রয়েছে।
এ সময় শিক্ষার্থীদের উত্তেজিত না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের উত্তেজিত করা উচিত নয়। তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এমএম/