দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
বিউটি রাণী পাল ছাড়াও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ চারজনের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একটি ভিডিওকে ঘিরে আলোচনায় আসেন বিউটি রাণী পাল। গত ২৩ জুলাই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। এতে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করা হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়। একটি পক্ষ ভিডিওতে অশ্লীলতা ও আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগ তোলে। ‘সচেতন মহল’ নামে ওই পক্ষের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে আলোচনা শুরু হলেও পরে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক, লেখক ও সাংবাদিকরা বিউটি রাণীর পাশে দাঁড়ান।
এর প্রতিবাদে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক বিউটি রাণী পাল।
এমএম/