দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক বাজারে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে স্বর্ণের দাম। দুর্বল মার্কিন ডলারের প্রভাবে গত সপ্তাহের ধারাবাহিকতায় সোমবারও মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৪৯ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়। গত ১৫ মে-এর পর এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৭০৬ দশমিক ২০ ডলারে উঠেছে।
সুদের হারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি বুঝতে বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য এবং মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের দিকে নজর রাখছেন।
অ্যাক্টিভট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন ডলারের ওপর চাপ অব্যাহত থাকা এবং ট্রেজারি ইয়েল্ড বর্তমান পর্যায়ে স্থির থাকা বা আরও কমে যাওয়ার ওপর স্বর্ণের দামের ঊর্ধ্বগতি নির্ভর করবে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম আউন্সপ্রতি ৬৮ দশমিক ৯৩ ডলারে স্থিতিশীল রয়েছে। প্ল্যাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮০ দশমিক ১৭ ডলারে উঠেছে। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৪৪ দশমিক ৩৫ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমএম/