দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক খাতকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে। বিদ্যমান বাণিজ্যের পরিমাণ তুলনামূলকভাবে সীমিত হলেও প্রযুক্তিনির্ভর সহযোগিতা, বিনিয়োগ এবং উদ্ভাবনকে কেন্দ্র করে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে বলে মনে করছে দু’দেশ।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে দেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি এবং ক্রমবর্ধমান ফ্রিল্যান্সার সম্প্রদায় লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার বাজারে কার্যক্রম সম্প্রসারণে লিথুয়ানিয়ার প্রতিষ্ঠানগুলো কৌশলগত সুবিধা পেতে পারে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। বিনিয়োগ প্রত্যাহার এবং মুনাফা নিজ দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দেশে একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে।
লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েন বলেন, লিথুয়ানিয়া লেজার প্রযুক্তি, গভটেক এবং ফিনটেক সেবায় বিশ্বব্যাপী অগ্রগামী দেশগুলোর অন্যতম। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে এবং প্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করতে তার দেশ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল উদ্ভাবন এবং আধুনিক আর্থিক প্রযুক্তির মতো খাতে দু’দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে উভয় দেশের জন্যই নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর খাতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং বিনিয়োগ সহযোগিতা জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
/অ