দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায়ী মো. ফজলুল হক।
রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আগামী দিনের কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা করেন।
মো. ফজলুল হক নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি অতীতে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় তাকে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। সাবেক প্রশাসক মো. আবদুর রহিম খানের মেয়াদ গত ২৭ জুন শেষ হওয়ার পর প্রায় দেড় মাস পদটি শূন্য ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে সংগঠনের সদস্যদের একটি অংশ আন্দোলন শুরু করলে তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে একই বছরের ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
তার দায়িত্বকালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও বাণিজ্য সংগঠন বিধিমালার কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে আদালতে রিট হওয়ায় নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকেও ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হলেও চলমান আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। পরে তার মেয়াদ চার মাস বাড়ানো হয়, যা গত ২৬ জুন শেষ হয়।
দায়িত্ব গ্রহণের পর মো. ফজলুল হক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ে নির্বাচিত নেতৃত্ব ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ফেডারেশনের সদস্য, ব্যবসায়ী সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
এমএম/