দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষিত ওজনের চেয়ে অতিরিক্ত পণ্য পাওয়ায় বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক-কর, অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা রাজস্ব আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে রেইনবো করপোরেশনের আমদানিকৃত একটি পণ্যচালান কায়িক পরীক্ষণ করে এ অনিয়ম শনাক্ত করে।
অধিদপ্তর জানায়, সি-১১৩৮৭০৬ নম্বরের ৫ জুলাই ২০২৬ তারিখের বিল অব এন্ট্রির আওতায় আমদানি করা চালানে ঘোষণাপত্র অনুযায়ী চকোলেটের নেট ওজন ছিল ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি। তবে পরীক্ষায় এর পরিমাণ পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি। একইভাবে ওয়েফারের ঘোষিত ওজন ছিল ২ হাজার ৫৭২ দশমিক ১৬ কেজি, কিন্তু পরীক্ষায় পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি।
সব মিলিয়ে চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় অতিরিক্ত ৫৪০ দশমিক ৪১ কেজি পণ্য পাওয়া যায়, যা ঘোষিত নেট ওজনের প্রায় ৫ দশমিক ৮৩ শতাংশ বেশি।
এ ঘটনায় বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক-কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড হিসেবে ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা বাবদ ১ লাখ টাকা আদায় করা হয়েছে। ফলে মোট অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা।
এমএম/