দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস অন্তর জাতীয় সংসদে হালনাগাদ প্রতিবেদন উপস্থাপনের জন্য অর্থমন্ত্রীর প্রতি সুপারিশ জানিয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতির কারণে করমুক্ত আয়সীমা বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার রাজধানীর মহাখালীতে আয়োজিত বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে নাগরিক প্ল্যাটফর্ম।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে না।
তিনি কর্মসংস্থানকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক বৈষম্য কমাতে অঞ্চলভিত্তিক বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কর বিশেষজ্ঞরা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর কাঠামোয় আরও সুস্পষ্ট রূপরেখা থাকা প্রয়োজন। একই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর কর অব্যাহতির উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তারা।
জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার পক্ষে মত দিলেও বিশেষজ্ঞরা সেটিকে সর্বজনীন না করে লক্ষ্যভিত্তিক করার পরামর্শ দেন। পাশাপাশি স্বাস্থ্য খাতে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া, রিয়েল-টাইম তথ্য ও উপাত্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় একটি সংসদীয় ককাস গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।
এমএস/