দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় বাজেটে রাজস্ব নীতিকে আরও পরিবেশবান্ধব ও টেকসই করার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে ‘জ্বালানি সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমান রাজস্ব কাঠামো জীবাশ্ম জ্বালানিকে প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতকে কৃত্রিমভাবে অপ্রতিযোগিতামূলক করে রাখা হয়েছে।
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি ও কর-সুবিধা থেকে ধীরে ধীরে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কর ও শুল্ক নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে সিপিডি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর ওপর বিদ্যমান শূন্য শতাংশ কর-সুবিধা প্রত্যাহার করে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দেয়। একই সঙ্গে সৌর ও বায়ুশক্তি উৎপাদনের যন্ত্রপাতির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের সুপারিশ করা হয়।
এছাড়া লিথিয়াম-আয়ন ব্যাটারির আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা এবং এনার্জি স্টোরেজ ব্যাটারির ওপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক বাতিলের আহ্বান জানায় সংস্থাটি।
নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের জন্য গ্রিড নির্মাণে ব্যবহৃত উপকরণের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার সুপারিশও করা হয়।
পরিবহন খাতের বিদ্যুতায়ন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদ্যুতিক যানবাহনের (ইভি) কর কাঠামো যৌক্তিক করার আহ্বান জানিয়ে সিপিডি জানায়, ইভির ওপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা উচিত। পাশাপাশি কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও দেয় তারা।
সংস্থাটির মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়বে এবং দেশের জ্বালানি খাত আরও টেকসই ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
জে আই