দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি কমে গেলেও কমেনি সবজির দাম। সরবরাহ সংকটের কারণে অধিকাংশ সবজি গত সপ্তাহের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার (৫ জুন) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির কারণে অনেক পাইকারি আড়ত ও খুচরা দোকান এখনও পুরোপুরি চালু হয়নি। ফলে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকট ও আড়ত বন্ধ থাকার অজুহাতে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করছেন।
বাজারে করলা প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুনের দাম মানভেদে ৬০ থেকে ১২০ টাকা এবং কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজি। টমেটো ৮০ থেকে ১০০ টাকা, মূলা ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
তবে কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজিতে প্রায় ৪০ টাকা কমে বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। এছাড়া পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
লেবুর দামও কিছুটা কমেছে। বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮ থেকে ২০ টাকায়। দেশি ধনেপাতা ২৫০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১৮০ টাকা কেজি এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কেপসিকামের দাম রয়েছে কেজিপ্রতি ৩২০ টাকা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।
শাকের বাজারে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এদিকে ঈদের পর মুরগির বাজারে কিছুটা দাম কমেছে। বাজারে সোনালি কক মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগির দাম ৩৭০ টাকা এবং দেশি মুরগি ৭৭০ টাকা কেজি।
ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ঈদ-পরবর্তী ছুটির কারণে রাজধানীর বেশিরভাগ বাজারে গরু ও খাসির মাংসের দোকান বন্ধ দেখা গেছে।
মাছের বাজারে ইলিশের দাম এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। ৩০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি মাগুর মাছের দাম ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
জে আই