দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধসহ নানা কারণে দেশের মানুষ শঙ্কার মধ্যে রয়েছে। এ অবস্থায় সরকারের প্রথম অগ্রাধিকার হলো নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা।
মন্ত্রী বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে ভোক্তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই নিয়মিত বিরতিতে আমরা সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করি। আজকের বৈঠকেও দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে দেশের ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে, গত ৯ এপ্রিল ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। প্রস্তাবটি যাচাই-বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে, রোববার অনুষ্ঠিত দুই দফা বৈঠকে ভোজ্যতেলের দাম অপরিবর্তিত রেখে সরবরাহকারীদের জন্য মুনাফা সমন্বয়ের লক্ষ্যে কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জে আই