দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হোটেল শেরাটনে বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন প্রজন্মের হস্তশিল্প ও দেশীয় পণ্যের উদ্যোক্তাদের বিশেষ প্ল্যাটফর্ম ‘কারুবীথি’।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তা, ব্যাংকিং খাতের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় পণ্যের প্রচার-প্রসারের অন্যতম পথপ্রদর্শক ও প্রখ্যাত সংগীতশিল্পী জনাব হায়দার হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে বলেন, আমার বিশ্বাস ছিল, আমার বাংলাদেশকে পরিবর্তন করতে হলে আমার তরুণদের প্রয়োজন আছে। আমি চাই এই যুবক প্রজন্ম উঠে আসুক, কারণ তারা আমার থেকে বেশি যোগ্য ও শক্তিশালী। কারুবীথিকে আমি সেই বিশ্বাসেরই প্রতিফলন হিসেবে দেখতে চাই। তারা সাধারণ মানুষের প্রতিভা তুলে ধরছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সহকারী ভাইস প্রেসিডেন্ট এবং মোবাইল আর্থিক সেবা ও ই-ব্যাংকিং বিভাগের প্রধান জনাব কাজী মোহাম্মদ ইসমাইল। তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং খাতের সহযোগিতা, সহজ শর্তে বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং টেকসই অর্থনীতি গড়তে কারুবীথির ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লিকমার্ক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুশফিকুর রহমান ফকির। তিনি ডিজিটাল যুগে উদ্যোক্তাদের ব্র্যান্ড পরিচিতি গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের বিস্তারে আধুনিক বিপণন কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।
কারুবীথির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাবির ইবনে মিজান।
তিনি বলেন, কারুবীথি হবে বাংলাদেশের হস্তশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি আস্থার প্রতীক। প্রশিক্ষণ, বিপণন, পরামর্শ ও পুঁজি সংস্থানের মাধ্যমে আমরা একটি শক্তিশালী উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারুবীথির পরিচালক সাজ্জাদ হোসেন ও আসরাফুল ইসলাম মাসুম আহমেদ, এবং পরামর্শক প্রতিষ্ঠান কিউলিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জোবায়ের হোসেন। তারা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, কারিগরি উৎকর্ষ এবং মাঠপর্যায়ের সমন্বয় পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বর্তমানে কারুবীথি দেশের ৫০০-এর বেশি দেশীয় উদ্যোক্তার একটি শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা ছিল এই নেটওয়ার্ক থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ২০০ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে সরাসরি ব্যাবসায়িক চুক্তি প্রদান। যেসব উদ্যোক্তা মেধা ও শ্রম থাকা সত্ত্বেও পুঁজির অভাবে ব্যবসা সম্প্রসারণে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
পণ্য বিপণন, ব্যাবসায়িক প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং সহজ শর্তে পুঁজির সংস্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা কারুশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষম করে তোলাই কারুবীথির মূল লক্ষ্য।
শেরাটন ঢাকার এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মধ্য দিয়ে ‘কারুবীথি’ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এক নতুন আশার আলো হয়ে আত্মপ্রকাশ করল।
জে আই