দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি শুরু হওয়ায় বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনটি ট্রাকে করে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে। এর আগে সোমবার তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন এবং বুধবার একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সব মিলিয়ে তিন দিনে মোট ৭টি ট্রাকে ২১০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে এসেছে। পেঁয়াজগুলো ভারতের পেট্রাপোল বন্দর হয়ে আমদানি করা হয়েছে।
পেঁয়াজের ছাড়করণকারী প্রতিষ্ঠান মেসার্স রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন এলাকার আমদানিকারকরা এসব পেঁয়াজ এনেছেন। এর আগে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে এই বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ সিএন্ডএফ এজেন্টের মালিক আবু ফয়সল জানান, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর ও অন্যান্য আনুষঙ্গিক খরচসহ প্রতিকেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে ৪২ থেকে ৪৩ টাকা। বাজারে সরবরাহের সময় পরিবহন ও শ্রমিক ব্যয় যোগ হবে।
বেনাপোল বন্দরের পরিচালক আরও বলেন, বাংলাদেশের উদ্দেশে আরও কয়েকটি পেঁয়াজবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষায় আছে। সেগুলো পর্যায়ক্রমে বেনাপোল বন্দরে প্রবেশ করবে। দ্রুত খালাস নিশ্চিত করতে বন্দরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএস/