দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার উত্তেজনা বৃদ্ধির ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণ, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে রুপার দাম বুধবার (১৭ ডিসেম্বর) সর্বকালের নতুন রেকর্ড গড়েছে। এছাড়া বেড়েছে সোনার দামও। সূত্র রয়টার্স
প্রতিবেদনে বলা হয়, বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩২ দশমিক ২১ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে সোনার দাম ১ শতাংশেরও বেশি বেড়েছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৪ ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে।
তবে এদিন সবচেয়ে বেশি আলোচনায় ছিল রুপার বাজার। বুধবার স্পট মার্কেটে রুপার দাম প্রায় ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৩০ ডলারে পৌঁছায়। লেনদেনের একপর্যায়ে রুপার দাম সর্বোচ্চ ৬৬ দশমিক ৫১ ডলারে ওঠে, যা ইতিহাসের সর্বোচ্চ। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ১২৬ শতাংশ, যা সোনার বার্ষিক বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।
মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘রুপা সোনাকেও ওপরে টেনে নিচ্ছে। সোনা থেকে কিছু বিনিয়োগ সরে গিয়ে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামে প্রবাহিত হচ্ছে। স্বল্পমেয়াদে রুপার পরবর্তী যৌক্তিক লক্ষ্য হতে পারে প্রতি আউন্স ৭০ ডলার।’
খবরে বলা হয়, অন্যদিকে প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৯৬ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে, যা ১৭ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। প্যালাডিয়ামের দামও প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৩ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারি ২০২৩–এর পর সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, মার্কিন শ্রমবাজার দুর্বল হওয়ার ইঙ্গিত এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা মূল্যবান ধাতুর দামে ইতিবাচক প্রভাব ফেলছে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, গত মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি—৬৪ হাজার—চাকরি সৃষ্টি হয়েছে, তবে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৬%-এ, যা সেপ্টেম্বর ২০২১–এর পর সর্বোচ্চ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি বছরের তৃতীয় ও শেষ ২৫ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে। বিনিয়োগকারীরা এখন ২০২৬ সালে আরও দুই দফা ২৫ বেসিস পয়েন্ট সুদ কমার সম্ভাবনা হিসাব করছেন।
ডিএইচএফ ক্যাপিটাল এস.এ.-এর সিইও বাস কুইজমান বলেন, ‘বাজার এখনো ধারণা করছে ২০২৬ সালের প্রথম ভাগে ফেডারেল রিজার্ভ দুই দফা সুদহার কমাতে পারে, যা সোনার বাজারকে সমর্থন দেবে।’
এদিকে ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রবেশ ও প্রস্থানকারী নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারের ওপর ‘অবরোধ’ আরোপের নির্দেশ দিয়েছেন। এই ভূরাজনৈতিক উত্তেজনাও নিরাপদ বিনিয়োগ হিসেবে ধাতুগুলোর চাহিদা বাড়িয়েছে।
এবি/