দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে গত ১২ বছরে সর্বোচ্চ দরপতনের পর আবার বেড়েছে স্বর্ণের দাম। বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, টানা দুইবার দাম কমার পর আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বর্ণের দাম বেড়েছে ১ শতাংশের বেশি।
ভূরাজনৈতিক ঝুঁকির বৃদ্ধির কারণে আবারও স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। এছাড়া শুক্রবার যুক্তরাষ্ট্র মূল্যস্ফীতির ডাটা প্রকাশ করবে। এ কারণে বিনিয়োগকারীরা কিছুটা উদ্বিগ্ন থাকায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
আজ স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ৪ হাজার ১৩০ দশমিক ৮০ ডলার। এরআগে গত দুই সপ্তাহের মধ্যে স্পট গোল্ডের দাম ব্যাপহারে কমেছিল।
অপরদিকে ডিসেম্বরের ইউএস গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ৪ হাজার ১৬০ দশমিক ৫০ ডলার।
গত বছরের তুলনায় এ বছর স্বর্ণের দাম বেড়েছে ৫৭ শতাংশ। ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোসহ বিভিন্ন কারণে এমন অস্বাভাবিক দাম বাড়ার ঘটনা ঘটেছে।
এদিকে বিশ্ববাজারে পতনের কারণে গতকাল বাংলাদেশেও স্বর্ণের দাম কমেছিল। গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিউর গোল্ড) দাম কমায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ২০৯ টাকায়।
স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৫৯ টাকায়।
সূত্র: রয়টার্স
/অ