দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২২২ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, তবে ৯টি ব্যাংকে এক টাকাও পৌঁছায়নি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
রেমিট্যান্স না পাওয়া ব্যাংকের মধ্যে রয়েছে একটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৩টি বিদেশি ব্যাংক। বলা যায়, রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এছাড়া বিদেশি ব্যাংক হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও রেমিট্যান্স পৌঁছায়নি।
অন্যদিকে, আগস্টের প্রথম ৩০ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোতে এসেছে ৪৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার।
সাপ্তাহিক হিসেবে প্রবাসীদের রেমিট্যান্সের অঙ্কও উল্লেখযোগ্য। ২৪–৩০ আগস্ট পাঠানো হয়েছে ৪৮ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার, ১৭–২৩ আগস্ট ৪৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার, ১০–১৬ আগস্ট ৫৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার ডলার এবং ৩–৯ আগস্ট ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার। আগস্টের প্রথম দুই দিনে পাঠানো হয়েছে ৬ কোটি ৫ লাখ ডলার।
গত জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ডলার।
চলতি ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ), যা দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
জে আই/ আরএ