দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সুবিধায় আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে। নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেয়া হয়েছে। এর ফলে আমদানিকারকরা পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করতে পারবেন।
সার্কুলারে আরও বলা হয়, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।
এমজে