দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে উঠে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ১১০ দশমিক ১০ ডলার। এর আগের দিন দাম বেড়ে সর্বোচ্চ ১১০ দশমিক ৭০ ডলারে পৌঁছায়, যা গত ২০ মের পর সর্বোচ্চ।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) নভেম্বর মাসে সরবরাহের চুক্তির দাম ছিল ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৯১ ডলার। অন্যদিকে বেশি লেনদেন হওয়া ডিসেম্বরের চুক্তির দাম ছিল ৯৮ দশমিক ৯৩ ডলার। চুক্তি দুটি ভিন্ন মাসে তেল সরবরাহের জন্য হওয়ায় দামের পার্থক্যকে বাজারে আকস্মিক পতন হিসেবে দেখার সুযোগ নেই।
তেলের বাজারে উদ্বেগের অন্যতম কারণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। ইয়েমেনের হুথিরা সৌদি আরবের ইয়ানবুতে আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র ও রিয়াদ বিমানবন্দরসহ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব দাবি নিশ্চিত করেনি। রয়টার্সও স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করতে পারেনি। এ ছাড়া গত দুই সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
অন্যদিকে রাশিয়ার ওপর কিছু মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার সম্ভাবনায় বাজারে অতিরিক্ত রুশ জ্বালানি সরবরাহের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে বাড়তি ডিজেল সরবরাহের সম্ভাবনার চেয়ে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ক্ষতির ঝুঁকিকেই বাজার বেশি গুরুত্ব দিচ্ছে।
আন্তর্জাতিক বাজারে দীর্ঘ সময় তেলের দাম বেশি থাকলে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় ও ভর্তুকির ওপর চাপ বাড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতি থেকে দেশে আসন্ন জ্বালানি সংকট বা শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকট তৈরি হবে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো নেই।
এদিকে বাংলাদেশে অক্টোবর মাসের জন্য খুচরা জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
এমএম/