দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ডলারের দর কিছুটা কমে আসা এবং জ্বালানি তেলের দাম কমার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৯০ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ নিয়ে সপ্তাহজুড়ে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ১৯০ ডলার ৫৭ সেন্টে পৌঁছায়। এর আগে বুধবার দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল মূল্যবান এই ধাতুর দাম। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৫ ডলার ৩০ সেন্ট হয়েছে।
ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা থেমে যাওয়ায় অন্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় তেলের দামও নেমেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি থাকায় যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না। তার এ বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
তবে স্বর্ণের দামের ভবিষ্যৎ গতিপথ নির্ভর করছে মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহারসংক্রান্ত সিদ্ধান্তের ওপর। ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী টনি সেজ বলেন, ভবিষ্যতে সুদহার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে। আসন্ন অর্থনৈতিক তথ্যও ফেডের মুদ্রানীতির বিষয়ে ধারণা দিতে পারে এবং বাজারের মনোভাবকে প্রভাবিত করতে পারে।
গত মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নীতিসুদহার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেছেন, মূল্যস্ফীতিকে ২ শতাংশের লক্ষ্যে ফিরিয়ে আনতে আবারও সুদহার বাড়ানোর প্রয়োজন হতে পারে। তবে চলতি মাসের বৈঠকে নীতিনির্ধারকদের কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে অক্টোবরের বৈঠকে সুদহার বাড়ার সম্ভাবনা ১৭ শতাংশ এবং ডিসেম্বরে বাড়ার সম্ভাবনা ৮৩ শতাংশ ধরে নেওয়া হচ্ছে।
সাধারণত মূল্যস্ফীতির ঝুঁকি থেকে সুরক্ষার মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে স্বর্ণ থেকে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না বলে সুদহার বাড়লে এর আকর্ষণ কমে যেতে পারে।
এদিকে, শুক্রবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ ডলার ২২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৭ ডলার ৮০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ১৫৯ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স
/অ