দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনলাইনে ‘টাস্ক’ সম্পন্ন করে সহজে আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হারুন অর রশিদ (২৯)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা।
সিআইডি জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন ও বার্তার মাধ্যমে সহজে আয়ের সুযোগের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের ফাঁদে ফেলত। প্রথমে ছোট অঙ্কের কাজের বিপরীতে সামান্য অর্থ দিয়ে আস্থা অর্জন করা হতো। পরে বড় লাভের আশ্বাস দিয়ে ধাপে ধাপে বেশি টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হতো এবং বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হতো।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এক ভুক্তভোগীর কাছ থেকে এক কোটি দশ লাখ টাকার বেশি আত্মসাৎ করেছে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা হলে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে একাধিক ব্যাংক হিসাব ও লেনদেন বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয় এবং তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গত ১৮ এপ্রিল মালয়েশিয়া থেকে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের মাধ্যমে হারুন অর রশিদকে আটক করা হয়। পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে সিআইডির হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং চক্রের আরও সদস্যের তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। এ ঘটনায় তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/