দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের মোহনপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির পাঁচ সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি শটগান, একটি স্পিডবোট, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়—মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন ধরে কিবরিয়া মিয়াজির নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র অস্ত্রের ভয় দেখিয়ে নৌযানে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত। তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুরের সদস্যরা সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে বাল্কহেডে ডাকাতির সময় ওই পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি-টকি, ৬টি মোবাইল ফোন, একটি স্পিডবোট এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
এমএস/