দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিরগিজস্থানে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ট্রাভেল এজেন্সির মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৬ মে) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পল্টনের জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫), শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদী (২৪)।
প্রাথমিক তদন্তের বরাতে সিআইডি জানায়, রিকশা চালক মোহাম্মদ সোনা মিয়া ইউটিউবে ট্রাভেল এজেন্সি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের একটি বিজ্ঞাপনে দেখতে পান। সেখানে উল্লেখ করা হয়েছে ৫ লাখ টাকায় গাড়ি পরিষ্কার করার কাজের ভিসায় কিরগিজস্থানে লোকবল নিয়োগ করা হবে। এই কাজে বেতন ৬০ হতে ৬৫ হাজার টাকা।
পরে তিনি নয়া পল্টনে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের যোগাযোগ করেন। কিরগিজস্থানে যাওয়ার জন্য নিজের গরু, রিকশা ও ঘর বিক্রি করে টাকা দেন। সোনা মিয়ার সঙ্গে মো. আকাশ শেখ ও মো. আকতার সরদার নামে আরও দুইজন এই ট্রাভেল এজেন্সিতে টাকা দেন।
পরে এই তিনজনকে কিরগিজস্থানের ভিসা ও ফ্লাইটের টিকিট দেয় জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল। ভিসার কপি ও ফ্লাইটের টিকিট নিয়ে হত ৭ এপ্রিল তারা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ অনলাইনে ভিসার তথ্য না পেয়ে যাত্রা স্থগিত করে।
ভুক্তভোগীদের অভিযোগ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো সদুত্তর দেয়নি। পরে তারা পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন।
সিআইডি বলছে, মামলাটির তদন্তভার গ্রহণ করার পর তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে ইব্রাহীম মল্লিক নাহিদ, শারমিন হোসেন লাবনী ও আরিফুর রহমান সাদীকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি আরও জানায়, অভিযুক্তরা আগে যাদের অভিবাসী কর্মী হিসেবে কিরগিজস্থান পাঠিয়েছে তাদের অধিকাংশই সেখানে মানব পাচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।
অভিযুক্তদের বিরুদ্ধে অর্থপাচার আইনে আরেকটি মামলা করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।
এফএইচ