দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। এ সময় বাসে থাকা প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল বিমানবন্দর থানার ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটি ছয়মাইল এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেকের সমস্যার কারণে চালক নিয়ন্ত্রণ হারান। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। আহত কয়েকজন যাত্রীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের কারও অবস্থা গুরুতর নয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গুরুতর আহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে রেকার দিয়ে বাসটি পুকুর থেকে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে সরে যান।
এমএস/