দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার দুপুরে ভোলায় এনসিপির জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী, গণহত্যাকারী। আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে আর ভারতে গিয়ে দাফন হয়েছে। তাদের চ্যাপ্টার ক্লোজ।’
বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিএনপির সমালোচনা করব। তাদের চাঁদাবাজি, জমি দখল, ভূমিদস্যুতা, থানা দখল ও অফিস দখলের কঠোর সমালোচনা করব। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করব না।’
তিনি বলেন, ‘বিএনপির ছয় মাসের কার্যক্রম নিয়ে আমরা সন্তুষ্ট নই। তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। তারা প্রত্যেক জায়গায় দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে।’
বিএনপিকে পুরোনো রাজনৈতিক কায়দা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সারজিস বলেন, ‘আমরা এটার যৌক্তিক সমালোচনা করব। বিএনপিকে এটা থেকে বের হতে হবে। যদি না হয়, আমাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে।’
প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রশাসনে ডিসি, এসপি, ওসি, ইউএনও—সবগুলো বিএনপির নেতা, বিএনপির অফিস থেকে চালাতে চায়, তাদের মতো করে।’
তিনি আরও বলেন, বিএনপি এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে না এলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে না। বিএনপি ‘পুরোনো চরিত্র, পুরোনো অভ্যস্ততা ও পুরোনো মনস্তত্ত্ব’ থেকে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলেও মন্তব্য করেন সারজিস।
পে-স্কেল বাড়ানোর জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে সারজিস আলম বলেন, বর্তমান সময়ে আগের বেতন কাঠামো দিয়ে একজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর পক্ষে পরিবার নিয়ে চলা কঠিন। জনগণের করের টাকায় বেতন বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এরপরও যদি আপনাদের মধ্যে আমরা দুর্নীতি দেখতে পাই, আমরা যদি টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে আমরা মনে করি হয়তো আগামীতে যদি আবার এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে নামবে।’
এর আগে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় অংশ নেন সারজিস আলম।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু, কেন্দ্রীয় সদস্য কাজী সালমান ও রায়হানুল ইসলাম, ভোলা জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, আহ্বায়ক মো. মাকসুদুর রহমানসহ দলের নেতাকর্মীরা।
এমএম/