দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। একই সঙ্গে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌপরিবহন ও সড়ক সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
কাঁচপুর-ইলিশা নৌপথে গত ২৭ আগস্ট থেকে ‘বেগম রোকেয়া’ ও ‘বেগম সুফিয়া কামাল’ নামে দুটি ফেরি চলাচল করছে। মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন ও সড়ক সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, কাঁচপুর-ইলিশা ফেরি সার্ভিস চালুর পাশাপাশি ভোলাকে সড়ক ও সেতুর মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এর ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও পণ্য পরিবহনে বড় ধরনের পরিবর্তন আসবে।
তিনি বলেন, নতুন এ নৌপথে প্রায় আট ঘণ্টায় ভোলার সঙ্গে নারায়ণগঞ্জ, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের পণ্য ও যানবাহন পরিবহন করা সম্ভব হবে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
এদিকে ঢাকার চক্রাকার নৌপথ ও ওয়াটার বাস সার্ভিস নিয়েও কথা বলেন নৌপরিবহনমন্ত্রী। তিনি বলেন, এসব নৌসেবা আরও যাত্রীবান্ধব করতে হবে। নির্দিষ্ট সময়ে নৌযান চলাচল, যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে যাত্রীসংখ্যা বাড়বে।
এ সময় বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। একই সঙ্গে সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা বলেন তিনি।
এমএস/