দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেছেন, মাদকই অনেক অপরাধের প্রাথমিক ধাপ। মাদকের কারণে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। এমনকি মাদকের টাকা জোগাড় করতে অনেকে মসজিদ-মন্দির ও মানুষের বাড়িঘরেও চুরি করছে। এসব অপরাধের সঙ্গে স্থানীয় মাদকাসক্তরাই বেশি জড়িত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওসি বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে পারলে চুরি-ছিনতাইসহ অনেক অপরাধও নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধু র্যালি বা সমাবেশ করে মাদক নির্মূল করা যাবে না। এর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। মসজিদের ইমাম-খতিবসহ সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
মাদকসেবীদের উদ্দেশে ওসি বলেন, যারা প্রাথমিক পর্যায়ে মাদকে জড়িয়ে পড়েছে, তাদের জন্য এটি শেষ সতর্কবার্তা। এখনই মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আনোয়ারায় মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এ কাজে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে এলাকাবাসী ও রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি, আনোয়ারা থানার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিতে আনোয়ারা থানার পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয় বিএনপি নেতা ইকবাল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রতন দেবনাথ ও এসআই মো. নাছির। এ সময় স্থানীয় দিল মোহাম্মদ, টিটু, মিজান, মনির উদ্দীন, মোস্তাক, কাদের, আইয়ুবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কেএম