দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে পবিত্র মক্কায় গিয়ে হজ পালনের স্বপ্ন দেখতেন নরসিংদীর বেলাব উপজেলার তরুণ সজিব তালুকদার। সেই স্বপ্ন পূরণে এবার সাইকেলে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছয়টি দেশ হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
এর আগে মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দিয়ে নিজের সক্ষমতার পরীক্ষা নিয়েছেন সজিব। দীর্ঘ এই যাত্রায় মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই তাঁর মূল লক্ষ্য। তাঁর ব্যতিক্রমী ও সাহসিক উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
সজিব বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে।
জানা যায়, ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি আগ্রহ ছিল সজিবের। সময় পেলেই তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন। এইচএসসি পাসের পর তাঁর ভ্রমণের নেশা আরও বেড়ে যায়। এরই মধ্যে তিনি ১৭টি দেশ ও দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। ভ্রমণের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে নিয়মিত প্রকাশ করেন তিনি। এ কারণে ভ্রমণবিষয়ক ভিডিও নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন সজিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে রোববার সকালে নিজ বাড়ি থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে স্বাগত জানান। রাতে নরসিংদী জেলা শহরে অবস্থান করে পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পরিকল্পনা অনুযায়ী, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান ও কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন সজিব।
নিজের স্বপ্ন পূরণের যাত্রা সম্পর্কে সজিব তালুকদার বলেন, ছোটবেলার স্বপ্ন পূরণ করতেই পরিবারের সহযোগিতায় সাইকেলে করে পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছি। এরই মধ্যে তিনটি দেশের ভিসা পেয়েছি। বাকি দেশগুলোর ভিসার জন্য দূতাবাসে ই-মেইল করা হয়েছে। যাত্রাপথেই সেগুলো পাওয়ার আশা করছি।
তিনি বলেন, এই যাত্রার প্রস্তুতি হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে ভ্রমণ করেছি। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা খরচ করে সাইকেলটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। দীর্ঘ পথে বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবিলায় সঙ্গে তাঁবু, খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সজিব বলেন, এলাকাবাসী, বন্ধু ও প্রবাসীদের কাছ থেকে পাওয়া উৎসাহই তাঁর সবচেয়ে বড় শক্তি। এই যাত্রার মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা ও সুনাম ছড়িয়ে দিতে চান তিনি। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতি নিয়ে সচেতনতা বাড়ানো এবং জ্বালানিমুক্ত ও পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরতে চান। যাত্রা সফলভাবে শেষ করতে পারলে ভবিষ্যতে বিশ্ব ভ্রমণে বের হওয়ার ইচ্ছাও রয়েছে তাঁর।
সজিবের বন্ধু রাজন বলেন, ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি তাঁর আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাইকেলে বিভিন্ন জেলা ঘুরেছেন। এবার পবিত্র উদ্দেশ্যে বের হয়েছেন। তাঁর যাত্রা সফল হোক, আমরা সেই দোয়া করি।
এলাকাবাসী মাওলানা রফিকুল ইসলাম বলেন, সজিব মনের আবেগ ও ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য এই নিয়ত করেছেন। আগে মানুষ হেঁটে ও জাহাজে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজে যেতেন। আর সজিব সাইকেলে করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বের হয়েছেন। তাঁর ইচ্ছা পূরণে আমরা দোয়া করি।
সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার বলেন, ছেলের ভ্রমণের আগ্রহ দেখে কখনো তাঁকে বাধা দিইনি। সে দেশের বিভিন্ন জেলা সাইকেলে ঘুরেছে। বাবা হিসেবে তাঁর এই সিদ্ধান্ত ও মহৎ ইচ্ছাকে স্বাগত জানিয়েছি। সে যেন নিরাপদে পথ পাড়ি দিয়ে হজ সম্পন্ন করে আবার আমাদের কাছে ফিরে আসতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই ব্যতিক্রমী ও সাহসী সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার এটি একটি অনন্য দৃষ্টান্ত। তাঁর দীর্ঘ সফর সফল ও সুগম হোক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর নিরাপদ যাত্রার জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।
এমএস