দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এ কার্যক্রম শুরু হয়। তবে এ সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় হিলি স্থলবন্দর পিছিয়ে পড়ায় সেখানকার অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এ অবস্থায় ব্যবসায়ীদের একটি অংশ অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এর ফলে গত ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ ছিল। পরে ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর ১২টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হয়।
বন্দর সূত্রে জানা গেছে, কার্যক্রম শুরুর পর থেকেই বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করছে। একই সঙ্গে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ট্রাক হিলি স্থলবন্দরে আসছে। বন্দরে পণ্য খালাসের পর দেশীয় ট্রাকে করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। শনিবারও যাত্রী পারাপার নির্বিঘ্নে চলছে।
বন্দরসংশ্লিষ্টরা আশা করছেন, আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্থলবন্দরের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে গতি ফিরবে।
এমএস/