দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ‘শতকণ্ঠে গীতা পাঠ’সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী একসঙ্গে গীতা পাঠ করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের ২ নম্বর রেলস্টেশন রোডের শ্রীশ্রী জয় কালীবাড়ি মন্দির চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, বাগীশিক জয়পুরহাট জেলা সংসদ এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন। উদ্বোধন করেন কৃষিবিদ রেবতী মোহন মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন ইসকনের জয়পুরহাট জেলা সভাপতি অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস ও বৈদিক পাঠশালার শিক্ষক অরবিন্দু সরকার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও অতিথিদের বরণ করা হয়। পরে শ্রীকৃষ্ণের আবাহনী সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, প্রার্থনা সংগীত এবং সমবেতভাবে গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানুষের নৈতিক ও মানবিক জীবন গঠনের অন্যতম পথনির্দেশক। নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতেই শতকণ্ঠে গীতা পাঠের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গীতা পাঠ শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, গীতা শিক্ষা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তরা উপস্থিত ছিলেন।
এমএস/