দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি গঠিত হওয়ার পর দেশে যতবার নির্বাচন হয়েছে, সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছিল, তাদের ব্যর্থতার কারণেই বাংলাদেশের সব ধর্মের মানুষের অংশগ্রহণে বিএনপি গঠিত হয়েছিল। বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করে।
খালেদা জিয়া হিমালয়ের পর্বতের মতো অবিচল ছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তার ওপর অনেক নির্যাতন, জুলুম ও অত্যাচার হয়েছে। এরপরও বিএনপির পতাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উত্তোলিত হয়েছে। গোটা দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। সর্বশেষ নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় এনেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে।
বিএনপির প্রতি মানুষের আস্থার কারণ তুলে ধরে তিনি বলেন, অন্য দলের নেতাদের মতো বিএনপির নেতারা পালিয়ে যাননি। তাঁরা লড়াই-সংগ্রামে মানুষের পাশে থেকেছেন। বিএনপি প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তা বাস্তবায়নের চেষ্টা করে এবং বাস্তবায়ন করেছে।
ত্রাণমন্ত্রী বলেন, অন্য দলগুলো নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, পরে তা ভুলে যায়। কিন্তু বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। তারেক রহমানের ৩১ দফায় থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ও বৃক্ষরোপণ করছে এছাড়া বাকী প্রতিশ্রুতি আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
চৌহালীর প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, চৌহালী পরিদর্শন করে সেখানকার মানুষের দুর্দশা তিনি নিজের চোখে দেখেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করা হবে। চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এ কাজ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা চান।
এ সময় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সহযোগিতা করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠ থেকে বেলকুচি সরকারি কলেজ পর্যন্ত র্যালি করেন আসাদুল হাবিব দুলু ও আমিরুল ইসলাম খান আলীম।
এর আগে মন্ত্রী বেলকুচির তামাই এলাকায় তাঁতশিল্প পরিদর্শন করেন। পরে এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্পার-২ নির্মাণকাজের উদ্বোধন করেন।
কেএম