দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ত্রিমোহনী নদী ইজারা নিয়ে অনিয়ম ও জেলেদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে দেশ টিভিতে প্রতিবেদন প্রচারের পর উপজেলা প্রশাসনের কাছে মুচলেকা দিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদাররা।
সম্প্রতি উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ত্রিমোহনী নদীর প্রায় দুই কিলোমিটার এলাকা ইজারা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, ইজারাকৃত নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এতে ক্ষোভ দেখা দেয় জেলেদের মধ্যে।
এ নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট ইজারাদারদের ডেকে পাঠিয়ে অভিযোগের বিষয়ে জানতে চায়। পরে ইজারাদাররা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়।
এসময় ভবিষ্যতে জেলেদের হয়রানি বা অনৈতিকভাবে টাকা আদায় না করার বিষয়ে প্রশাসনের কাছে মুচলেকা দেন ইজারাদাররা।
স্থানীয় জেলেরা জানান, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করাই তাদের একমাত্র অবলম্বন। মাছ ধরতে গিয়ে অতিরিক্ত টাকা দিতে হলে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। প্রশাসনের হস্তক্ষেপে তারা এখন স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, দেশ টিভিতে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি নজরে আসে। তিনি বলেন কোনো জেলে বা সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় কিংবা হয়রানি করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দেশ টিভিতে সংবাদ প্রচারের পর প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে নদী ইজারার ক্ষেত্রে সরকারি নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ এবং সাধারণ জেলেদের হয়রানি বন্ধে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
কেএম