দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকিতে একটি মসজিদ থেকে মুহাম্মদ সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্বজনদের দাবি, তাঁর মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের প্রয়াত জব্বার মৃধার ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে হাওলাদার বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের পর হাওলাদার বাড়ির বাসিন্দা মো. ইউসুফ হাওলাদার সায়েমের থাকার কক্ষে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন। এ সময় কক্ষের ওপরের স্লিংয়ের সঙ্গে একটি দড়ি টাঙানো অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয়দের ডেকে সায়েমকে মসজিদের বারান্দায় নিয়ে আসা হয়। সেখানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সায়েমের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দড়ি টাঙানো অবস্থায় দেখতে পাওয়ায় স্থানীয়দের অনেকে ধারণা করছেন, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে নিহতের স্বজনরা তাঁর মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছেন না এবং এর পেছনে রহস্য থাকতে পারে বলে দাবি করেছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
এমএস/