দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করেছে মাগুরা মেডিকেল কলেজ। তবে দীর্ঘ এ সময়ে এখনো নিজস্ব ক্যাম্পাস পায়নি প্রতিষ্ঠানটি। অস্থায়ী অবকাঠামোয় শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে কলেজটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সদর হাসপাতাল থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মাগুরা মেডিকেল কলেজের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আড্ডায় অংশ নেন।
প্রথম বর্ষের শিক্ষার্থী সায়মা আলী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাই আনন্দে মিলিত হয়েছেন। তবে নিজস্ব ক্যাম্পাস না থাকায় পড়াশোনায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের।
তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যবহারিক পরীক্ষাগার প্রয়োজন। কিন্তু নিজস্ব ক্যাম্পাস ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় তারা কাঙ্ক্ষিত পরিবেশ পাচ্ছেন না। দ্রুত নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবি জানান তিনি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান বলেন, ২০১৮ সালে মাগুরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর ধীরে ধীরে এটি অষ্টম বছরে পদার্পণ করেছে। কিন্তু এখনো প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস হয়নি।
তিনি বলেন, শিক্ষক সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও গত সাত বছরে খুলনা ও রাজশাহী বিভাগের মেডিকেল পরীক্ষার ফলাফলে টানা চারবার প্রথম স্থান অর্জন করেছে মাগুরা মেডিকেল কলেজ। এ ছাড়া এক বছরের মধ্যে কলেজটির ১১ শিক্ষার্থী সফলভাবে এফসিপিএস সম্পন্ন করেছেন, এটিও প্রতিষ্ঠানের বড় অর্জন।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলভাবে পড়াশোনা ও চিকিৎসাবিজ্ঞানের আধুনিক শিক্ষা নিশ্চিত করতে দ্রুত মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব ভবন ও ক্যাম্পাস নির্মাণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, কলেজের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহেল কাফি, সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হাইসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যে আই