দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের কিছু মানুষের জন্য যৌক্তিক মাত্রায় কোটা ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, সমতলের মানুষের তুলনায় পাহাড়ের বাসিন্দাদের শিক্ষা, চাকরি, বসবাস ও পারিবারিক জীবনসহ নানা ক্ষেত্রে বেশি প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ির একটি কমিউনিটি সেন্টারে দলটির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, কোটা ব্যবস্থার সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য করছে। এতে প্রকৃত যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন। নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
পার্বত্য জেলা পরিষদে বিএনপির ‘দলীয় কোটা’ চালুর অভিযোগ করে সারজিস বলেন, বিএনপির নেতা বা পদ-পদবি থাকলেই জেলা পরিষদে থাকার সুযোগ মিলছে—এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হলেও ক্ষমতায় এসে বিএনপি একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এ কারণে অল্প সময়ের মধ্যেই দলটির জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে সারজিস বলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। জ্বালানির দাম বাড়লে এর প্রভাব বিদ্যুৎ, কৃষি, উৎপাদন ও পরিবহনসহ প্রায় সব খাতেই পড়ে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ছে।
বিএনপির এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারজিসের দাবি, ছয় মাসে সেই লক্ষ্যের কাছাকাছি কর্মসংস্থান তৈরি হয়নি; বরং অনেকেই কাজ হারিয়েছেন। একই সময়ে দেশে চাঁদাবাজির সুযোগ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নারী ইউএনওদের হেনস্তা এবং সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে বদলির প্রসঙ্গ তুলে সারজিস বলেন, সরকারি কর্মকর্তাদের ওপর রাজনৈতিক চাপ ও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার অভিযোগ, চাঁদাবাজির একটি সিন্ডিকেট বন্ধ করতে উদ্যোগ নেওয়ার পরই সিলেটের ডিসিকে দ্রুত বদলি করা হয়েছে।
বিএনপির উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, দলটির ভালো কাজের প্রশংসা করা হবে, আবার ভুলের সমালোচনাও করা হবে। সমালোচনা করার কারণে হুমকি দেওয়া হলেও তারা পিছিয়ে যাবেন না। জনগণ দীর্ঘদিন অন্যায়-নির্যাতন মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় খাগড়াছড়ি জেলা এনসিপির আহ্বায়ক নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদসহ স্থানীয় নেতারা। এ সময় এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যে আই