দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের চকরিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে ইজিবাইক উল্টে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১১) নামে এক ছাত্রী নিহত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তানহা মনি চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাহারিয়াঘোনা এলাকার মাওলানা জাফর আলমের মেয়ে। সে চকরিয়া পৌরসভার মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং চকরিয়া চিরিঙ্গা বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি।
স্থানীয়দের বরাতে ওসি আরিফুর রহমান জানান, সকালে কয়েকজন শিশুর সঙ্গে ইজিবাইকে করে মাদ্রাসায় যাচ্ছিল তানহা। কাহারিয়াঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাককে পাশ কাটিয়ে যেতে গিয়ে ইজিবাইকটি উল্টে যায়। এতে তানহা ইজিবাইকের ডান পাশে এবং অপর এক ছাত্রী বাম পাশে সড়কে পড়ে যায়। এ সময় তানহা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এমএস/