দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারে না। বিদ্যালয়ে প্রবেশের পথও কাদাপানি ও পিচ্ছিল হয়ে পড়ে। এতে অনেকটা পথ পানি মাড়িয়েই বিদ্যালয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের।
রহমতপুর ইউনিয়নের পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার বাসিন্দারা জানান, আশপাশের এলাকার তুলনায় বিদ্যালয়ের মাঠটি নিচু। এর ওপর সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সহজে নামতে পারে না। প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই সমস্যার সৃষ্টি হয়।
সম্প্রতি বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, মাঠের বড় একটি অংশ পানিতে ডুবে আছে। কোথাও পানির ওপর শ্যাওলা ও জলজ উদ্ভিদ জমেছে। বিদ্যালয়ে প্রবেশের একটি অংশের রাস্তাও পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের কেউ কেউ পানি মাড়িয়ে বিদ্যালয়ে প্রবেশ করছে।
অভিভাবক কাইয়ুম হোসেন খান বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। কখনো কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। মাঠ ভরাটের পাশাপাশি পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা দরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল বলেন, বর্ষায় মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ে প্রবেশেও সমস্যা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন বলেন, তিনি এ উপজেলায় নতুন যোগ দিয়েছেন। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, নিচু বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। কয়েকটি বিদ্যালয়ের মাঠ ভরাটের বিষয়ে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে।
যে আই