দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও সমর্থকেরা জড়ো হন। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির শীর্ষ নেতা নন, তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের পরিচিত মুখ। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে জেলার মানুষের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন তারা।
শহরের বসিরপাড়া এলাকার বাসিন্দা আরমান হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ের একজন সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত। তিনি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, ‘আমাদের জেলার একজন মানুষ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন—এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমরা তার সফলতা কামনা করি।’
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ বলেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যে নতুন আনন্দের সৃষ্টি হয়েছে। এ অর্জন স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা আনন্দ ভাগাভাগি করছেন।
এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এমএম/