দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জোত কাকুরিয়া কলাবাগান এলাকায় পদ্মা নদী থেকে চায়না কাটার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের কারণে ওই এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বালু উত্তোলনে বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘ম্যানেজ’ করে প্রভাবশালী একটি চক্র গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ভোররাত থেকে দুপুর পর্যন্ত বালু উত্তোলন করছে বলেও অভিযোগ করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, জোত কাকুরিয়া কলাবাগান এলাকায় পদ্মা নদীতে ছয়টি চায়না কাটার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু তোলা হচ্ছে। পরে শতাধিক ট্রলারে করে উত্তোলিত বালু পাবনার ভাঁড়ারা, দোগাছী, চরতারাপুর, পাকশী, সুজানগর এবং কুষ্টিয়ার পাংশা, কুমারখালী ও রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় নেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন সেখানে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার বালু বেচাকেনা হচ্ছে। এ ব্যবসা থেকে বিভিন্ন মহলে নিয়মিত ভাগবাটোয়ারা হচ্ছে বলেও অভিযোগ তাদের।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন, নৌকায় অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারার মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, প্রায় এক থেকে দেড় মাস আগে ওই এলাকায় বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে মঞ্জু শেখ নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বালু উত্তোলন শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সহযোগী আব্দুল আলিম এবং পাবনার দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ন্ত্রিত একটি চক্র বালু উত্তোলনের সঙ্গে জড়িত। নৌ পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘ম্যানেজ’ করেই এই কার্যক্রম চলছে বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া চর বলরামপুর এলাকার মৃত ছুলাই প্রামাণিকের ছেলে খোকন বিএনপির নাম ব্যবহার করে বালু উত্তোলনের কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুল আলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পাবনার পুলিশ সুপার আশ্রাফ আলী বলেন, “অনেকেই টেলিফোনে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যে আই