দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার করা পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হয়েছিল।
র্যাব আরও জানায়, নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার নিশানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।